সড়কে বাইক চালক নিহতের ঘটনায় পিকাপ চালক আটক
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ৯:৩১:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট-সারীঘাট সড়কে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে জসিম উদ্দিন (২৫) নিহতের ঘটনায় পিকাপ চালককে গ্রেফতার করেছে র্যাব-৯। বুধবার দিবাগত রাতে আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মুজিবুর রহমান (৩০)। সে উপজেলার উপর সাতাইন গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র। গ্রেফতারকৃত আসামিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি রাত প্রায় ৯টার দিকে হাকুর বাজার থেকে গোয়াইনঘাট বাজারের পথে পুকাশ এলাকার গোয়াইনঘাট-সারীঘাট পাকা সড়কে পিকাপের ধাক্কায় জসিম উদ্দিন (২৫) নিহত হন।
পুলিশ ও র্যাব জানায়, ভিকটিম জসিম উদ্দিন তার সঙ্গী গিয়াস উদ্দিন ইয়ামুন মিয়াকে নিয়ে মোটরসাইকেলে যাত্রা করছিলেন। সেই সময় মুজিবুর রহমান চালিত পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ভিকটিমের মোটরসাইকেলের সম্মুখে ধাক্কা দেয়। এতে ভিকটিম ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ভিকটিমের ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করলে র্যাব-৯ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, আটককৃতকে গোয়াইনঘাট থানায় হস্থান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।




