ডিসির হস্তক্ষেপে জেল থেকে মুক্ত চা শ্রমিক মঙ্গল
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ৯:৩৬:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মাত্র ২০ হাজার টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় প্রায় তিন মাস কারাগারে ছিলেন চা শ্রমিক মঙ্গল দাস। অবশেষে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের হস্তক্ষেপে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মঙ্গল দাস। তিনি এয়ারপোর্ট থানার কেওয়াছড়া চা-বাগান এলাকার বাসিন্দা বিরশা দাসের ছেলে।
জানা গেছে, ২০ হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় গত ১৮ ডিসেম্বর বিদ্যুৎ আদালত মঙ্গল দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি কারাগার পরিদর্শনে যান সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। এ সময় মঙ্গল দাস তার সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিস্থিতির কথা জানান। বিষয়টি শুনে জেলা প্রশাসক তাকে সহায়তার আশ্বাস দেন।
পরে তিনি বিদ্যুৎ আদালতকে মঙ্গল দাসের বকেয়া বিল পরিশোধের নিশ্চয়তা দেন। এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (জেলা ও দায়রা জজ) তাকে জামিনে মুক্তি দেন।




