সংসদ হবে সমৃদ্ধ রাষ্ট্র গঠনের কেন্দ্রবিন্দু : স্পিকার
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৮:০৫:২৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের লক্ষ্যসমূহ বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সংসদ হবে কেন্দ্রবিন্দু। গতকাল শুক্রবার (১৩ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার মুক্তিযুদ্ধের লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সংসদ হবে তার কেন্দ্রবিন্দু। নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়েই পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদ পরিচালনায় তার ভূমিকা হবে ক্রিকেট খেলার আম্পায়ারের মতো নিরপেক্ষ। তিনি আরও বলেন, জাতীয় সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য আমি দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দল সংসদে পর্যাপ্ত সুযোগ পাবে। স্বৈরাচার হঠানোর আন্দোলনে আমরা একসঙ্গে ছিলাম। তাদের প্রতি আমাদের যথেষ্ট সহনশীলতা রয়েছে।
স্পিকার বলেন, জাতীয় স্মৃতিসৌধ একটি পবিত্র স্থান, যা বাংলাদেশের স্বাধীনতার ধারক ও বাহক। এখানে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে ভাগ্যবান এবং অনুপ্রাণিত বোধ করছি। তিনি বলেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি নিজেও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন এবং সেই যুদ্ধে তিনি আহতও হন। গত ১৭ বছর বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী, ছাত্র, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ হয়েছেন, তাদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।





