সিলেটে মতবিনিময়ে হুমায়ুন কবির : প্রতিবেশির সঙ্গে সুসম্পর্কই শিষ্টাচার
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৮:৪৭:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সব চেয়ে নিকটবর্তী প্রতিবেশি হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্কই স্বাভাবিক শিষ্টাচার। তবে সেখানে আশ্রয় নেওয়া শেখ হাসিনা যেন কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে, সে বিষয়টি ভারতকে নিশ্চিত করতে হবে।
সিলেট সার্কিট হাউজে শুক্রবার বিকেলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে হুমায়ুন কবির একথা বলেন।
সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে নানান দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সাথে সম্পর্কে কোনো বাধা নেই। তবে গত দেড় দশক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল না, ছিল শেখ হাসিনার সাথে। সম্পর্ক করতে হবে দুই দেশের জনগণে সাথে। বর্তমান সরকার সে চেষ্টা করছে।
পলাতক শেখ হাসিনা ভারতে থেকে যেন কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারতকে এটি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, অপরাধীদের ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সাথে কথা চলছে। বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।





