জালালাবাদ নারী ঐক্যের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৯:৪৪:১৮ অপরাহ্ন
নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও সহিংসতা
রোধে কার্যকর উদ্যোগের বিকল্প নেই

নারীদের সমাজের অবিচ্ছেদ্য অংশ বলা হলেও তারা আজ বিভিন্নভাবে লাঞ্ছিত ও বঞ্চিত। আবার নারী স্বাধীনতার নামে একটি পক্ষ ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণের মাধ্যমে নারীদের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত রাখতে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে নারীর প্রতি সহিংসতা ক্রমশ বেড়ে চলেছে। এর মূল কারণ বিচারহীনতার সংস্কৃতি। নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও নারীর প্রতি সহিংসতা রোধে নারীদেরকে সোচ্ছার হতে হবে। সমাজের লাঞ্ছিত বঞ্চিত নারীদের পাশে দাঁড়াতে হবে।
শুক্রবার জালালাবাদ নারী ঐক্যের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সচেতন নারীদের নিয়ে ‘নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও সহিংসতা রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক আমেনা বিনতে রফিকের সভাপতিত্বে ও আল আমানাহ একাডেমীর শিক্ষিকা আতিয়া রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিমা খানম হেপী, সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট জোসনা ইসলাম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের ডা. তাহারাত ফাতেমা চৌধুরী ও সমাজসেবক ও সংগঠক ফৌজিয়া রহমান শিউলি প্রমূখ।
নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণীপেশার অর্ধশতাধিক প্রতিনিধিত্বশীল নারীনেত্রীগণ উপস্থিত ছিলেন। সভায় ‘নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও সহিংসতা রোধে’ নানা উদ্যোগের ব্যাপারে তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি





