হরমুজ প্রণালিতে মার্কিন-ইসরায়েলি মিত্রদের চলাচল বন্ধ ঘোষণা ইরানের
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ১০:১৪:২৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে তারা পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখছে এবং যুক্তরাষ্ট্র বা সাম্প্রতিক হামলায় জড়িত কোনো দেশকে এই প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের সামরিক কমান্ড সেন্টার খাতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, প্রণালিটি ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিটি বিপ্লবী গার্ডের নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সাহসী নৌবাহিনীর বিচক্ষণ ব্যবস্থাপনায় এই জলপথে মার্কিন আগ্রাসী শক্তি ও তাদের মিত্রদের চলাচলের কোনো অধিকার নেই।
ইরান আগেও ঘোষণা দিয়েছিল, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার সঙ্গে সম্পৃক্ত, তাদের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এই প্রণালি বিশ্বের তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, জাবেল আলি বন্দরের প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে একটি কনটেইনার জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সব নাবিক নিরাপদ রয়েছেন এবং পরিবেশগত কোনো ক্ষতি এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে এই প্রণালিতে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে।




