পুলিশের সাড়াশি অভিযানে নগরে গ্রেফতার আরো ৫৯
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ১২:১৫:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় এসএমপির বিশেষ সাড়াশি অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, সন্দেহভাজন ও চোরাচালানকারিসহ মোট ৫৯ জনকে আটক করা হয়েছে। এনিয়ে গত ৬ দিনে সিলেট মহানগর এলাকা থেকে ৫ শতাধিক আসামীকে আটক করেছে পুলিশ। এর আগের ২৪ ঘন্টায় (শুক্রবার) নগরে গ্রেফতার হয়েছিলেন আরো ৪২ জন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মহানগর এলাকায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশের অভিযানে মাদকসহ ও মাদকসেবনের দায়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মহানগরের বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ১২ জন ও মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিয়মিত মামলা ও সন্দেহভাজন হিসেবে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরী এলাকায় পুলিশের পৃথক অভিযানে আরও ৬ জন হকারকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নগরে অপরাধ দমনে এসএমপির সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।




