মৌলভীবাজার বিসিকে ভোক্তার অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ৮:০৬:০৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজারস্থ বিসিক শিল্প নগরীতে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। এ সময় ২ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর একটি যৌথ আভিযানিক দল বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শিল্প নগরীর নাহিদুল ইসলাম (হ্যালো ফ্রেশ)কে ৬০ হাজার টাকা ও তাহের (স্টার এগ্রো) কে আরও ৫০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল আমিন। এ সময় র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।




