জকিগঞ্জে দু’নলা বন্দুক ও ৯ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ৮:০৯:৪৫ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে একটি দু’নলা বন্দুক ও ৯ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে জকিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আলী হোসেন শাপলুর বসতঘর থেকে আবুল হাসনাত সিদ্দিকী রনি (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জ থানার রারাই (থানা বাজার) এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম আবুল খায়ের।
এ সময় তার কাছ থেকে একটি দু’নলা বন্দুক, ৯টি কার্তুজ, একটি লোহার ছুরা, একটি স্টিলের স্লাই রেঞ্জ এবং একটি লোহার হাতুড়ি জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আবুল হাসনাত সিদ্দিকী রনির বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১৪টি নিয়মিত মামলা রয়েছে।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।




