মাধবকুণ্ডে বারুণী স্নানে পূন্যার্থীর ঢল
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৮:০৫:৫৭ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মাধবকুণ্ড জলপ্রপাতে চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশ তিথি উপলক্ষে মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নান অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কুণ্ডের পানিতে স্নান করলে পাপ মোচন হয়, পান করলে কঠিন অসুখ থেকেও আরোগ্য লাভ করা যায়। আর এজন্য ভোর থেকে পূন্যার্থীরা জলপ্রপাতে জড়ো হতে থাকেন।
সরেজমিনে জানা গেছে, মাধবকুণ্ড জলপ্রপাতে বারুণী স্নানে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা ছাড়াও দেশের অন্যান্য এলাকা থেকেও হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ছুটে আসেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার পূন্যার্থীর সমাগম ঘটে। তারা কুণ্ডের পানিতে গোসলে মেতে ওঠেন। অনেকে বাসা-বাড়িতে নিয়ে যেতে বিভিন্ন পাত্রে জলপ্রপাতের পানি ভরতে থাকেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে বিশেষ নজরদারির ব্যবস্থা নেয় থানা পুলিশ ও পর্যটন পুলিশ। দুপুরে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু ও মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন মাধবকুণ্ড জলপ্রপাত এলাকা পরিদর্শন এবং পূন্যার্থীদের সাথে কোশল বিনিময় করেন।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে বারুণী স্নান সম্পন্নের লক্ষ্যে থানা পুলিশ ও পর্যটন পুলিশ তৎপর ছিল। জেলা থেকেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পূর্ন্যার্থীরা নির্বিঘ্নে বারুণী স্নান ও অন্যান্য পূজো অর্চণা সম্পন্ন করেছেন। এ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু ও পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন মাধবকুণ্ড জলপ্রপাত এলাকা পরিদর্শন করেছেন।




