ছাতকে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৮:০৭:০০ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক আলমগীর হোসেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার সুহিতপুর এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিক্ষক আলমগীর হোসেন গুরুতর আহত হন। অটোরিকশার যাত্রী ছিলেন তিনি।
আশংকাজনক অবস্থার আলমগীর হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত লেগুনা ও ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেছে।




