মৌলভীবাজারে খাল খনন কর্মসূচি উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৯:১৭:৪৬ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার কাটাগাং খাল (৩.৮ কি.মি.) খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কাটাগাং খাল খনন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান ও বিএডিসি’র প্রধান প্রকৌশলী (সেচ) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে যাওয়া খাল-নদী পুনঃখননের মাধ্যমে কৃষি সেচব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা দূর হবে এবং স্থানীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে, যা এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসন এর তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে কাটাগাং খালের নাব্যতা পুনরুদ্ধার করা হবে এবং আশপাশের কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়। এতে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।




