সিলেটে বৃষ্টিপাত বৃদ্ধি পেলেও , আকস্মিক বন্যার আশঙ্কা নেই
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ১০:০২:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরাঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় আগামী কয়েক দিনে নদ-নদীর পানির স্তর কিছুটা বাড়তে পারে। তবে আকস্মিক বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ২৪ মার্চ পর্যন্ত এক সপ্তাহ সময়ের জন্য দেওয়া এক ধারণাগত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীগুলো—সুরমা, কুশিয়ারা, ধনু ও বাউলাই নদীর পানির স্তর ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে ভুগাই ও সোমেশ্বরী নদীর পানির স্তর প্রায় স্থিতিশীল রয়েছে। এসব নদী এখন প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, গত সাত দিনে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও এর উজান এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আগামী ৭ দিনেও (১৭ মার্চ থেকে ২৪ মার্চ) উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা এবং পার্শ্ববর্তী উজান এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ সময় অঞ্চলভেদে সর্বোচ্চ ৮০ থেকে ১২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
এর ফলে সংশ্লিষ্ট সময়ের মধ্যে হাওরাঞ্চলের প্রধান নদীগুলোর পাশাপাশি অন্যান্য উপনদীর পানির স্তর কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে পানির স্তর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। নদীগুলো প্রাক-মৌসুমি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হলেও বড় ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (পুর) সরকার উদয় রাহা জানান, বর্তমান পরিস্থিতিতে উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি নেই। তবে নদ-নদীর পানির স্তরের পরিবর্তন এবং বৃষ্টিপাতের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।




