তাঁতীপাড়ায় অপহরণে জড়িত ১০ যুবক রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ১০:০৬:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর তাঁতীপাড়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার হওয়া ১০ যুবককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মাসুদ আহমেদকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামিদের রিমান্ড চেয়ে আবেদন করেন।
পুলিশ জানায়, গত ৮ মার্চ রোববার (৮ মার্চ) সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল নগরীর তাঁতীপাড়া এলাকার ‘নাজমা নিবাস’ নামের একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ১০ অপহরণকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকার হাজী বাহার উদ্দিনের ছেলে প্রবাসী জাহিদ আহমদ (৪২)কে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সুহেল সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন—সেলিম আহমদের ছেলে তানজিম মাহবুব নিশান (২১), মো. মোক্তাদিরের ছেলে আহসান হাবিব মুন্না (১৯), মো. ফয়জুল করিমের ছেলে জুবাইন আহমদ (১৯), আব্দুল মন্নানের ছেলে সুফিয়ান আহমদ (১৯), মো. আনোয়ার মিয়ার ছেলে মো. জাকির হোসেন (১৯), আবুল হোসেনের ছেলে মো. মারজান (১৯), মো. সুজন মিয়ার ছেলে মোসাদ্দেক আলী (১৮), রুমান আহমদের ছেলে ফারদিন আহমদ (১৮), মো. রতনের ছেলে জয়নাল আবেদীন রাব্বি (১৮) এবং মানিক মিয়ার ছেলে মিজান আহমদ (১৮)।
পুলিশ আরও জানায়, গত ৮ মার্চ সন্ধ্যা ছয়টার দিকে তাঁতীপাড়া পয়েন্ট এলাকা থেকে সুহেল সরকার (২২) নামের এক যুবককে ১৪ু১৫ জন দুর্বৃত্ত জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে নাজমা নিবাস ভবনের দ্বিতীয় তলায় আটকে রাখা হয়। সেখানে অপহরণকারীরা ধারালো চাকু ও কেচি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং লোহার রড ও স্টিক দিয়ে মারধর করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে তার পোশাক খুলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি বিষয়টি কোতোয়ালি মডেল থানাকে জানান। অভিযানের সময় আসামিদের হেফাজতে থাকা আরেক ভুক্তভোগী প্রবাসী জাহিদ আহমদকে উদ্ধার করা হয়। পুলিশ অভিযানে দুই ভুক্তভোগীর দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং ঘটনার সময় ব্যবহৃত কেচি, চাকু ও লোহার রড উদ্ধার করেছে।
এদিকে অপহরণ মামলায় ফারদিন আহমদ গ্রেপ্তার হওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় সিলেট মহানগর বিএনপির ১৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুমান আহমদ পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) তিনি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন।




