তেল ও জিনিসপত্রের দাম বাড়বে : মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬, ৩:২১:৫৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শৃঙ্খলা মানতে হবে। আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না ভাই। একটু কঠিন সময়, এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের এগোতে হবে। সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটা কথা মনে রাখতে হবে, আমাদের জাতি হিসেবে যদি ওপরে উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ ওপরে উঠতে পারবে না। এখন একটা বড় সংকট দেখা দিয়েছে—তেল নাই। যুদ্ধ লাগছে ইরান, আমেরিকা, ইসরায়েল। তেলের সাপ্লাই কম।
খাল খনন ও উন্নয়ন কর্মকাণ্ড উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, গোটা বাংলাদেশে এ রকম ২০ হাজার খাল খনন করা হবে। আমাদের তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন, কাজ করে দেখান। ওই যে কিছুসংখ্যক নেতারা আছে না, যারা বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে। তো বেহেশতে তো নিতে পারল না এবার। আমরা আমাদের কাজ দিয়ে ইনশা আল্লাহ বেহেশতে যাব। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশা আল্লাহ বেহেশতে যাবার ব্যবস্থা করব।
মির্জা ফখরুল বলেন, একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার। বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ ধার্মিক। ধর্মকে তারা ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। এটা মনে রাখতে হবে আমাদের। সবশেষে দেশের জন্য নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, আমরা আরও অনেকগুলো কমিটমেন্ট করেছি। তারেক সাহেব যেভাবে কাজ করতেছেন, আমাদের ছুটি নাই। এই বুড়ো বয়সে আমাকে সকালে অফিসে যেতে হচ্ছে, ছুটি নাই।




