দুই ইস্যুতে আন্দোলনে নামতে যাচ্ছে ১১ দল
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬, ৩:৫৮:৫৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সংস্কার পরিষদ ও স্থানীয় সরকার এই দুই ইস্যুতে এপ্রিলে আন্দোলনে নামতে যাচ্ছে ১১ দল। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকার টালবাহানা করায় এমন সিদ্ধান্ত নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ নিয়েও আপত্তি জানিয়েছে দলগুলো।
দলগুলো বলছে, নির্বাচনের পর ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও অধিবেশন ডাকার বাধ্যবাধকতা মানেনি বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনের বিপরীতে প্রশাসক নিয়োগে ঝুঁকেছে তারা। এখন পর্যন্ত ১১ সিটি করপোরেশন এবং ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চেয়ে ১১ দলীয় ঐক্যের নেতারা বলছেন, ভোট ছাড়াই স্থানীয় সরকারব্যবস্থা দলীয় নিয়ন্ত্রণে নিতে নির্বাচনের আলাপ বন্ধ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি ঈদের পর যদি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা না আসে তাহলে আন্দোলনের মাঠে নেমে পড়বে বলে জানিয়েছে দলগুলো।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তখন পালিয়ে যান স্থানীয় সরকারের সব স্তরের অধিকাংশ জনপ্রতিনিধি। তাদের দীর্ঘ অনুপস্থিতিতে পদগুলো শূন্য হয়ে পড়ে। সাময়িক দায়িত্ব পালনের জন্য সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
সূত্র জানায়, আগামী ২৮ মার্চ ১১ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। সেখানে আগামী দিনের আন্দোলনের রূপরেখা নির্ধারিত হবে। সেদিনের বৈঠক থেকেই রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত আসতে পারে।
গত ১ মার্চ রাজধানীর একটি অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছিলেন, ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে। বিএনপি তাদের ৩১ দফায় স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা বলেছে। কিন্তু এর মধ্যেই তারা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদগুলোতে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।
দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বলে মনে করছে ১১ দলীয় ঐক্য।
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগের পদক্ষেপ সরকারের স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ এবং একই সঙ্গে আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ।
এদিকে, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত ১৫ মার্চ ‘ভোট নয়, নিয়ন্ত্রণ : স্থানীয় সরকার নিয়ে বিএনপির ক্ষমতার অপব্যবহার’ শিরোনামে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন। তাতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে আমরা এখন এক গভীর রাজনৈতিক ভণ্ডামির সময় অতিক্রম করছি। যে দল গণতন্ত্রের বুলি আউড়িয়ে ক্ষমতায় এসেছে, সেই দলই আজ স্থানীয় সরকারব্যবস্থাকে জনগণের হাত থেকে সরিয়ে নিয়োগনির্ভর নিয়ন্ত্রণের পথে নিয়ে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানুষ যে স্বপ্ন দেখেছিল, বাস্তবে আজ সেই স্বপ্নের বিপরীত এক রাজনৈতিক বাস্তবতা আমাদের সামনে দাঁড়িয়ে আছে।
এ ব্যাপারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে জামায়াত আরও শক্ত অবস্থানে যাবে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি। প্রয়োজনে মাঠের কর্মসূচিও ঘোষণা হতে পারে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সরকার টালবাহানা করছে। এটা যদি করা না হয় তাহলে ধরে নিতে হবে সরকারই আমাদের আন্দোলনে যেতে বাধ্য করছে। তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার ২০তম দফা ছিল স্থানীয় সরকার নির্বাচন। যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতেই স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া প্রতিশ্রুতি ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের পর সরকার গঠন করেই সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছে তারা। নিজেদের প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করে প্রশাসক নিয়োগের মাধ্যমে আওয়ামী কায়দায় দলীয়করণ প্রক্রিয়া শুরু করেছে। আমরা অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করেছি। না হলে রাজপথের আন্দোলনেই সরকারকে তফসিল ঘোষণায় বাধ্য করা হবে।




