সঠিক পথে না ফিরলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন : সরকারকে ডা. শফিকুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬, ৪:৪৫:২৩ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জনগণের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ করে সঠিক পথে না ফিরলে এর পরিণতি ভালো হবে না। তিনি বলেন, দেশের মানুষ এখন সচেতন, জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হলে তা প্রতিহত করা হবে। সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জনগণের সঙ্গে ‘ধোঁকাবাজি’ চলছে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া ফেরতের ঘোষণা দিলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন। এতো মানুষ ঢাকা ছেড়েছে, তাদের টাকা ফেরত দিতে কিভাবে খুঁজে পাবেন? প্রশ্ন তোলেন তিনি।
সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম থাকলেও আমরা মেনে নিয়েছি, যেনো দেশ অচল না হয়। কিন্তু আপনারা যদি সঠিক ধারায় না ফেরেন, তাহলে সারাদেশের মানুষ, এই জুলাই যোদ্ধারা আপনাদের ক্ষমা করবে না।
সরকার প্রদত্ত বিরোধীদলীয় নেতার বাসভবন প্রসঙ্গে তিনি বলেন, সে বাড়িতে আমি থাকবো না। দেশের প্রয়োজনে, রাষ্ট্রীয় কাজে বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্যই সেটি ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, সরকারে থেকে চাঁদাবাজি করতে হয় না। আমরা সরকারের মুখে শুনতে চাই- বাংলাদেশে আর চাঁদাবাজি হবে না, মানুষের ওপর জুলুম হবে না। সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে আমরা সহযোগিতা করবো, সমর্থন করবো। কিন্তু জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করবো, প্রয়োজন হলে প্রতিহত করবো।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলার নায়েবে আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খাঁন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও মৌলভীবাজারের সাবেক জেলা আমীর মো. আব্দুল মান্নান, সিলেট মহানগরী মজলিশে শূরা সদস্য আব্দুস সালাম আল মাদানী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সায়েদ আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, কুলাউড়া উপজেলা আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমীর জাকির আহমেদ, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী ও শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ।
বিরোধী দলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে তারা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।




