পরিবেশের ভারসাম্য বজায় রেখে পাথর উত্তোলনের ব্যবস্থা করা হবে: মন্ত্রী আরিফ
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৭:১৪:০৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট ও জৈন্তাপুর খনিজ সম্পদে ভরপুর। দীর্ঘদিন থেকে এখানে বালুপাথরের ব্যবসা চলে আসছে। আমরা খনিজ মন্ত্রণালয়ের সাথে কথা বলে কোন কোন জায়গা থেকে পাথর বালু উত্তোলন করা যাবে সেই জোন সিলেক্ট করবো। সেখান থেকে পরিবেশের ভারসাম্য বজায় রেখে পাথর বালু উত্তোলনের ব্যবস্থা করা হবে। ব্যবসায়ী ভাইদের আমি বলেছি নিরাশ হওয়ার কোন কারণ নাই। এটা নিয়ে আমি কাজ করছি।
গত রোববার ঈদ উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শনে এসে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী একথা বলেন। এসময় তিনি ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার, কোয়ারি এলাকা ও সাদাপাথর পর্যটন এলাকা ঘুরে ঘুরে দেখেন।
মন্ত্রী এসময় আরো বলেন শুধু পাথর কেন্দ্রিক কর্মসংস্থান না রেখে আরো অন্যান্য প্রক্রিকায় কর্মসংস্থান তৈরি করে মানুষের কাজের সুযোগ করে দেওয়া হবে। পর্যটন নিয়ে তিনি বলেন, কর্মসংস্থান মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলো ডেভেলপমেন্ট করে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ করা হবে। এছাড়া দেশের মানুষ যাতে পাতায়া, শিলং কিংবা অন্য দেশের পর্যটন কেন্দ্রে না গিয়ে আমাদের দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যায় এবং প্রবাসে আমাদের ভাই বোন যারা আছেন তারা যেন মালদ্বীপ বা অন্য দেশে ঘুরতে না গিয়ে আমাদের সিলেট, কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি ঘুরতে আসেন সেই ভাবে পর্যটনের উন্নয়ন করে আকর্ষনীয় করে তুলা হবে।
ঈদ উপলক্ষে ৬ দিনের সফরে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট এসেছিলেন। ২২ মার্চ তিনি সাদাপাথরে আগত পর্যটকদের জন্য নিরাপত্তা বিধান ও সুযোগ সুবিধা প্রদানের লক্ষে স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত কার্যক্রম পরিদর্শনের লক্ষে তিনি সেখানে যান। এদিন তিনি স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের আশ্বস্ত করেন শীঘ্রই বালুপাথর উত্তোলনের নির্দিষ্ট জোন আলাদা করে সেখান থেকে পরিবেশসম্মত উপায়ে বালু পাথর উত্তোলনের ব্যবস্থা করা হবে।





