কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৬:১১:১৮ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে জুবায়ের আহমেদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের মাগুরছড়া পুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে এলাকার রেল সেতুর নিচের গাইড ওয়ালের ঝোপ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত জুবায়ের আহমদ কোরআনে হাফেজ ছিলো এবং সে কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের চোরাগ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুর ১২ টায় মাগুরছড়া পুঞ্জি এলাকায় রেলসেতুর নিচের ঝোপে স্থানীয় বাসিন্দারা অজ্ঞাত যুবকের মরদেহ দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয়রা জানায়, জুবায়ের একজন কোরআনে হাফেজ। বুধবার সকালে কয়েকজন বন্ধু মিলে শ্রীমঙ্গলে ঘুরতে যায়। পরে ঢাকা থেকে ছেড়ে আন্তঃনগর পারাবত ট্রেনে কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে ফেরার পথে অন্য বন্ধুরা ট্রেনের ভেতরে গেলেও জুবায়ের ট্রেনের ছাদে উঠে যায়। ট্রেনটি লাউয়াছড়া পাহাড় অতিক্রম করার সময় পাহাড়ের ভেতরে গাছের ডালের সঙ্গে বাড়ি লেগে সে নিচে পড়ে সেতুর গাইড ওয়ালে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে।
জানতে চাইলে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের (জিআরপি) ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।





