নাব্যতা সংকটে সুরমায় আটকা ৫ লাখ লিটার ডিজেলবাহী জাহাজ!
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:৩৭:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুরমা নদীর নাব্যতা সংকটের কারণে সিলেট নগরীর কাজিরবাজার ব্রিজের নিচে ৫ লাখ লিটারের বেশী ডিজেল নিয়ে আটকা পড়েছে জাহাজ। এতে সিলেটে জ্বালানি সরবরাহে সাময়িক চাপ তৈরি হচ্ছে। তবে এমন পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থায় তেল উত্তোলন শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত চারদিন আগে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড থেকে ৫ লাখ ৪৪ হাজার ৫৭২ লিটার ডিজেল নিয়ে একটি জাহাজ সিলেট ডিপোর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল থেকে সুরমা নদী-এর নাব্যতা সংকটের কারণে জাহাজটি কাজিরবাজার ব্রিজের নিচে এসে আটকে পড়ে।
জাহাজ ‘এমটি রিভার লিংক’-এর চালক মাস্টার মো. রবিউল জানান, আমরা চারদিন আগে ফতুল্লা থেকে তেল নিয়ে রওনা দিয়েছিলাম। কিন্তু নদীর পানি কম থাকায় জাহাজ আটকে গেছে। আপাতত পাইপ বসিয়ে সরাসরি লরিতে তেল তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, জাহাজ থেকে অন্তত ১ লাখ লিটার তেল সরানো গেলে পুনরায় জাহাজটি সচল হয়ে সরাসরি ডিপোতে পৌঁছাতে পারবে।
এদিকে, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বলেন, জ্বালানি তেলের ঘাটতি মোকাবেলায় নদীপথে তেল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নাব্যতা সংকটের কারণে জাহাজটি আটকে গেছে। এখন পর্যন্ত পাইপ বসিয়ে প্রায় ২৫ হাজার লিটার তেল উত্তোলন করে ডিপোতে পাঠানো হয়েছে।





