সিলেটে বজ্রসহ বৃষ্টি : হাওরাঞ্চলে পানি বাড়লেও ‘বন্যার শঙ্কা নেই’
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ১১:৫৯:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার কয়েকটি নদ-নদীর পানি বাড়ছে। তবে আপাতত বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের শনিবারের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার ভুগাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। এবং নদীগুলো প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ও দেশের উজানে কিছু কিছু স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে কেন্দ্র বলছে, আগামী দুদিনও দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় মাঝারি থেকে মাঝারি-ভারি এবং পরবর্তী এক দিন মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এর প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। তবে কুশিয়ারা নদীর পানি সমতল আগামী দুদিন স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিন বৃদ্ধি পেতে পারে।
অপরদিকে ভুগাই-কংস নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এবং ধনু-বাউলাই নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, এসব অঞ্চলের নদীগুলো প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে; এই সময় এসব অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
এদিকে, সিলেট নগরসহ বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সাতসকালে হঠাৎ আকাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। সাথে ছিলো প্রচন্ড বাতাস আর বৃষ্টি। এক ঘন্টারও বেশি সময় ধরে চলে এ বৃষ্টি। এতে জনজীবনে স্বস্তি এলেও কৃষকের মাঝে শিলাবৃষ্টি ও পানি বৃদ্ধির শঙ্কা আছে বলে জানিয়েছেন হাওরাঞ্চলের অনেকে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এ অবস্থায়ও সিলেটসহ দেশের তিন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদফতর।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
তিনি আরও জানান, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।




