আ. লীগের মতো এই সরকারও নিজের মতো সংবিধান ব্যাখ্যা করছে : নাহিদ ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৯:১০:৩১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও সংবিধানকে নিজের মতো করে ব্যাখ্যা করছে। এ প্রবণতা চললে জনগণ আবারও রাজপথে নেমে তাদের রায় দেবে।
শনিবার বিকেলে শহরের চাষাড়ায় ডাকবাংলোতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জ ইতোমধ্যেই দলটির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জ শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে—এটা আমি ভবিষ্যৎ মনে করি না, বরং বর্তমান বাস্তবতা। অলরেডি নারায়ণগঞ্জ এনসিপির একটি শক্ত ঘাঁটি।
সংগঠন শক্তিশালী করার পেছনে স্থানীয় নেতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এটার জন্য অবশ্যই কৃতিত্ব আপনাদের, যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং পরবর্তীতে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে কাজ করেছেন।
তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান এমপি আব্দুল্লাহ আল আমিনকে, যিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জকে একটি মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করা হয়েছিল। এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত বিভিন্ন গডফাদার ও মাফিয়ারা। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই গডফাদার ও মাফিয়ারা পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
বর্তমান সংগ্রামের লক্ষ্য নিয়ে তিনি বলেন, এখন আমাদের সংগ্রাম হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে এখানকার মানুষের জন্য গড়ে তোলা—যাতে সাধারণ মানুষ উপকৃত হয় এবং তাদের পক্ষে কথা বলা হয়।
সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জে যাতে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়া তৈরি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব। নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপি সবচেয়ে দৃঢ় অবস্থানে থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।
সভায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলার এনসিপির আহ্বায়ক জোবায়ের আহমেদ, মহানগরের শওকত আলীসহ অনেকে বক্তব্য রাখেন।




