গোয়াইনঘাটে হত্যা মামলার আসামী র্যাবের জালে
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৯:১৪:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট থেকে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার (২৮ মার্চ) ভোররাতে উপজেলার জাফলং মামার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মো. জালাল উদ্দিন (৫৪)। তিনি গোয়াইনঘাট উপজেলার লামা সাতাইন গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গত ৫ মার্চ রাতে গোয়াইনঘাট থেকে ইয়াহিয়া (২২) নামে এক যুবক নিখোঁজ হন। পরদিন নদীর পাশ থেকে ঐ ব্যক্তিকে অর্ধ-ডুবন্ত অবস্থায় পেয়ে পরিবারকে জানান দুইজন ব্যক্তি। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে পলাতক এই আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গ্রেপ্তারকৃতকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এমামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।





