গ্রামীণ টাওয়ারের ৬০ লাখ টাকার ব্যাটারি চুরি : আটক ১
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৯:১৫:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে গ্রামীণ ফোন টাওয়ার থেকে ৬০ লাখ টাকামূল্যের বিপুল পরিমাণ ব্যাটারী চুরির সাথে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। সে ব্যাটারি চুরির মামলার এজাহারভুক্ত আসামী।
আটককৃতের নাম আমিন উদ্দিন সুজন (৩১)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার সেনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। শাহপরান থানায় দায়েরকৃত ব্যাটারি চুরির মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, গত ২০২৫ সালের ২৫ আগস্ট শাহজালাল উপশহরের ব্লক-বি, রোড নং-১৩, বাড়ি নং-৩৮ এর একটি ৫ তলা ভবনের ছাদে স্থাপিত গ্রামীণ ফোন টাওয়ারের স্টোর রুমের তালা কেটে ৪২টি ভিশন ব্যাটারি চুরি করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ ৯০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং তিনি রাজবাড়ী সদর থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
শনিবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।





