স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাওয়াত পায়নি বিরোধীদল !
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৮:০০:৩০ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গেজেটভুক্ত দুই জুলাইযোদ্ধা ও সরকারী দল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের দাওয়াত না দেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছে। গত ২৬ মার্চ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে জুলাইযোদ্ধাসহ অন্যান্য রাজনৈতিক দলকে বাদ দিয়ে শুধু সরকারী দল নিয়ে বর্ণাঢ্যভাবে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য বিএনপি নেত্রী তাহসিনা রুশদীর লুনা। এসময় উপজেলা বিএনপির বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। কিন্তু অনুষ্ঠানে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, জুলাই আন্দোলনে আহত গেজেটভুক্ত উপজেলার দুই সদস্যসহ বিরোধীদল ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে প্রশাসনের পক্ষ থেকে কোন দাওয়াত দেওয়া হয়নি।
জুলাইযোদ্ধা এনামুল হক (গেজেট নং ১৮০) বলেন, আগের ইউএনওগণ আমাদের সরকারি অনুষ্ঠানে দাওয়াত দিতেন, আমরাও উপস্থিত থাকতাম। বর্তমান ইউএনও মুনমুন নাহার আশা আমাদের অনুষ্ঠানগুলোতে দাওয়াত দেননি। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচার পতন করে এখনো বৈষম্যের শিকার হচ্ছি। অপর জুলাইযোদ্ধা ইব্রাহিম আহমদ (গেজেট নং ৩৩৬) বলেন, বর্তমান ইউএনও মুনমুন নাহার আশা যোগদানের পর প্রথম দিকে কিছু অনুষ্ঠানে দাওয়াত পেলেও বর্তমানে আর আমাদের দাওয়াত দেওয়া হচ্ছেনা।
ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ সোহরাব আলী বলেন, নির্বাচিত সরকার আসার আগে আমাদেরকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হতো, এখন আর দেওয়া হয়না। উপজেলা প্রশাসন সরকারি দলের দিকে ঝুঁকছে। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা’র সরকারি মোবাইলে কল দিলে রিং হওয়ার পর তিনি কল কেটে দেন। তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।





