বড়লেখায় যুবদল নেতাকে হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৮:০১:৪০ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারকে পিটিয়ে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি ইমাম উদ্দিনকে রোববার ভোরে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। দীর্ঘদিন প্রবাসে পালিয়ে থেকে তিনি দেশে ফিরছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইমাম উদ্দিন উপজেলার নিজ বাহাদুরপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে।
জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত প্রথম গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনী বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তারা যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদারকে পিটিয়ে মৃত ভেবে ফেলে যায়। এঘটনায় ২০২৪ সালের ২৩ আগস্ট যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদার, সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাস জানান, ঢাকায় বিমানবন্দরে গ্রেফতার আসামি ইমাম উদ্দিন সাবেক যুবদল নেতা নূরুল ইসলাম তাপাদারের হত্যাচেষ্টা মামলার ৩৭ নম্বর এজাহার নামীয় আসামী। তাকে বড়লেখা থানায় নিয়ে আসার কার্যক্রম চলছে।




