জ্বালানি সংকট নিয়ে বিজিবি’র প্রেস ব্রিফিং
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৮:১২:০৬ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষিতে সৃষ্ট বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা, তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ব্যবস্থাপনায় রোববার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।
প্রেস বিফ্রিং এ তিনি আরও জানান, শ্রীমঙ্গলের পদ্মা, যমুনা ও মেঘনা এই ৩টি জ্বালানি তেলের ডিপোতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং সকল ডিপোতে সার্বক্ষণিক ১ সেকশন করে জনবল দ্বারা নিয়মিত তদারকি জারী রাখাসহ কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও সরাইল রিজিয়নের আওতাধীন ৫টি জেলার (সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জ জেলা) ১০টি জ্বালানী তেলের ডিপোসহ সারাদেশের মোট ৯টি জেলার মোট ১৯টি জ্বালানি তেলের ডিপোর নিরাপত্তা ও স্বতঃফূর্ত কার্যক্রম নিশ্চিতকল্পে বিজিবি প্লাটুন মোতায়েন করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ১১৫ কি. মি. সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল মোতায়েনসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে নিয়মিত ও আকষ্মিক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আইসিপি ও এলসিপিতে আমদানি-রপ্তানি কাজে ব্যবহৃত ট্রাক-লরি ও অন্যান্য যানবাহনের মাধ্যমে যেন অতিরিক্ত তেল বহন করে পাচার করতে না পারে সেজন্য যানবাহন সমূহে বিশেষ নজরদারির আওতায় রাখা হচ্ছে। বিজিবি’র এই সমন্বিত প্রচেষ্টার ফলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট বা পাচারের অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে, যা জনমনে আস্থা সুদৃঢ় করেছে। তিনি সকলের প্রতি কোনো গুজবে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানান।




