পরিবেশ ধ্বংসের প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৯:৩৭:৩০ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাটে পরিবেশ বিধ্বংসী ইট ভাটা, অবৈধ কৃষি জমি খননের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। রোববার সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের পেকেরখাল গ্রামের সালুটিকর-গোয়াইনঘাটে সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা।
মানববন্ধন শেষে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে পৃথক লিখিত অভিযোগ দেন তারা। এর আগে গত ৯ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বরাবরে তারা অভিযোগ দিয়েছিলেন।
গ্রামের মুরব্বি আজির উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন, ফুখরুল ইসলাম, মো. আলাউদ্দিন, আব্দুস সালাম, তোতা মিয়া, নুরুল হক, আলী হোসেন ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
এবিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, বিষয়টি তদন্তাধীন আছে। আমরা দেখছি। এভাবে কেউ পরিবেশের ক্ষতি করতে পারবে না। আমরা তদন্ত শেষে ব্যবস্থা নিচ্ছি। বিজ্ঞপ্তি




