বন্দরবাজার থেকে ২ চাঁদাবাজ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৯:৪৬:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বন্দরবাজার থেকে দুই চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বন্দরবাজার পেপারপয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার চেঙ্গাটি গ্রামের মৃত শেখ আব্দুস সোবহানের পুত্র ও বর্তমানে নগরীর ছড়ারপার এলাকার কমিশনার কলোনীতে বসবাসরত মোঃ ইউসুফ মিয়া (৩৬) ও একই জেলার ভৈরব থানার সাদেকপুর গ্রামের মৃত কফিল উদ্দিন শেখের পুত্র বর্তমানে নগরীর তালতলায় বসবাসরত আব্দুল ছত্তার (৩৭)।
উপস্থিত হকার ও ব্যবসায়ীদেরকে উদ্বৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, আটককৃতরা চিহ্নিত চাঁদাবাজ। গ্রেফতারকৃত আসামীগণ ও পলাতক অজ্ঞাতনামা আসামিগণ পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নিয়মিতভাবে প্রশাসনের নাম ব্যবহার করে পেপার পয়েন্ট ও এর আশপাশ এলাকার বিভিন্ন হকারের নিকট হতে প্রতিদিন ২০০ টাকা হারে চাঁদা দাবি ও উত্তোলন করে আসছিল। তাদের গ্রেফতারে শনিবার পুলিশ অভিযান চালালে ৩/৪ জন পালিয়ে গেলেও ২ জনকে আটক করে পুলিশ।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





