দোয়ারা বাঁশতলা স্মৃতিসৌধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৯:৩৩:৪১ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হকনগর-বাঁশতলা এলাকার পরিবেশ রক্ষা এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন স্পটটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে অবৈধভাবে গড়ে ওঠা দশটি দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। অভিযান শেষে তিনি বাঁশতলা এলাকাটিকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে স্থানীয় এলাকাবাসী এবং আগত পর্যটকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অভিযান চলাকালে ইউএনও’র সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মুহিত, দোয়ারাবাজার থানার এসআই আমির হোসেন, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, বিএনপি নেতা আব্দুল আহাদ এবং সাবেক ইউপি সদস্য আপছানা আক্তার মিনাসহ স্থানীয় গণমাধ্যমকর্মী।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য এই স্থানটিতে অবৈধ দখলের কারণে পর্যটকদের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং পরিবেশ নষ্ট হচ্ছিল। প্রশাসনের এই পদক্ষেপের ফলে বাঁশতলার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা পাবে এবং পর্যটনের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।




