শ্রীমঙ্গলে দুপ্রকের নবগঠিত কমিটির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৭:৩১:২৭ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি : উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর নবগঠিত শ্রীমঙ্গল উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় শহরের স্টেশন রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া। সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক রফি আহমেদ চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ তালুকদার, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান, সুচিত্রা ধর, মো. কাওসার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, অয়ন চৌধুরী এবং উম্মে নাফিজা মাইমুনাহ। মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের নির্দেশিত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. এরশাদ মিয়া নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানান এবং দুদকের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। তিনি অতীতে যারা এ কমিটির কার্যক্রমে অবদান রেখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভা শেষে দুর্নীতি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কমিটির সদস্যরা।




