পুলিশের অভিযানে মাদকসহ ২ সহোদর গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৭:৪৪:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জালালাবাদ থানা পুলিশের অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ আপন ২ সহোদরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অভিযান চালায় জালালাবাদ থানা পুলিশ। এসআই মোঃ নূর উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৬৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও ৪ বক্স অ্যালুমিনিয়াম ফয়েল পেপারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মাঝপাড়া গ্রামের সোনাফর আলীর পুত্র মোঃ আব্দুল হক (৩৯) ও মোঃ আব্দুল হাসিম (৪১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে মজুদ ও বিক্রয়ের কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
এই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণি ১০ (ক)/ ১৯ (ক)/ ২৪ (ক)/ ৩৭ ধারায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১ (০১/০৪/২০২৬)। আসামীদ্বয়কে বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।




