বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমোদন ইরানের
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৭:৪৭:৪১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় থাকা বাংলাদেশের জ্বালানি ও এলএনজিবাহী ৬টি জাহাজের নিরাপদ পারাপারের অনুমোদন দিয়েছে ইরানের নিরাপত্তা পরিষদ। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বুধবার (১ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন। দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে জলিল রহিমি জাহানাবাদি জানান, বাংলাদেশ সরকার জাহাজগুলোর নম্বর এবং অন্যান্য বিবরণ তেহরানে পাঠিয়েছিল এবং তিনি আশা প্রকাশ করেন যে জাহাজগুলো শীঘ্রই নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করবে।
রাষ্ট্রদূত জাহানাবাদি আরও বলেন, বাংলাদেশ একটি বন্ধুপ্রতিম ও মুসলিম দেশ এবং এর জনগণ আমাদের ভাইয়ের মতো। ইরান চায় না বাংলাদেশিরা কোনো কষ্টে পড়ুক এবং হরমুজ দিয়ে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করব।
এদিকে বাংলাদেশের জ্বালানি বিভাগ জানিয়েছে যে তারা ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি, তবে তারা লক্ষ্য করছে যে পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চালানের নিরাপদ পারাপার নিশ্চিত করতে বাংলাদেশ ইরানের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে আসছে।





