নিবন্ধন সনদ ছাড়া ট্রাভেল এজেন্সি চালালে ব্যবস্থা নেবে সরকার
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৮:০১:৩০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : নিবন্ধন সনদ গ্রহণ এবং নবায়ন ছাড়া ট্রাভেল এজেন্সি পরিচালনা করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ট্রাভেল এজেন্সির মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়নের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন-২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ না নিলে এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করলে তা আইনের পরিপন্থি। তাছাড়া নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (িি.িৎবমঃৎধাবষধমবহপু.মড়া.নফ) জরুরিভিত্তিতে নিবন্ধন সনদ নবায়নের আবেদন দাখিল করার অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সনদ গ্রহণ এবং নিবন্ধন সনদ নবায়ন ছাড়া যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে শিগগিরই বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




