মধ্যরাত থেকে সিলেট বিভাগের সকল সিএনজি ও পেট্রোল পাম্পে ধর্মঘট
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৬, ১২:৪২:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা করার প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে পাম্প মালিকদের সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে বিভাগের সকল পাম্প বন্ধ করে দেয়া হয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাতে এর সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।
এরআগে বুধবার দুপুরে নগরের একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অতিরিক্ত পেট্রোল মজুদের অভিযোগে জরিমানা করে জেলা প্রশাসন। এছাড়া রশিদপুরের একটি পাম্পের মালিককে ধরে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ উঠছে।
ভ্রাম্যমান আদালতের অভিযানকে চাঁদাবাজি আখ্যা দিয়ে পাম্প ধর্মঘটের ঘোষণা দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, আমরা নিজের খরচে ডিপো থেকে তেল নিয়ে আসি। আর প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা এসে উল্টো আমাদের জরিমানা করে। অথচ আমাদের বিক্রির হিসেব স্পস্ট। তাই বাধ্য হয়ে পাম্প মালিকগণ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।




