জকিগঞ্জে নিখোঁজের তিনদিনেও সন্ধান মিলেনি স্কুল শিক্ষার্থীর
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ৮:০২:২৬ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি : স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্র এহসান আরাফাত জিহানের কোনো সন্ধান এখনো মেলেনি। তবে নিখোঁজের দুই দিন পর গত বৃহস্পতিবার একটি খাল থেকে তার স্কুল ব্যাগ, বই ও ড্রেস উদ্ধার হওয়ায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ সদর ইউনিয়নের রহিমখাঁরচক গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে জায়ান আরাফাত (১৩) গত মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়-এর ষষ্ঠ শ্রেণির ছাত্র। কিন্তু প্রতিদিনের মতো সেদিন আর স্কুল শেষে বাড়ি ফেরেনি সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ছেলের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি। এ ঘটনায় আরাফাতের পিতা জসিম উদ্দিন জকিগঞ্জ থানায় গত ১ এপ্রিল একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে, গত বৃহস্পতিবার জকিগঞ্জ পৌরসভার ছবড়িয়া গ্রাম থেকে জিহানের স্কুল ড্রেস এবং বইয়ের ব্যাগ ও বই উদ্ধার হওয়ায় রহস্য আরো ঘনীভূত হয়েছে। জিহানের মামা মাস্টার হিফজুুর রহমান বলেন, জিহান একটি পুরোদস্তুর ভদ্র পরিবারের সন্তান। তাদের কোনো শত্রু হতে পারে না। তবুও কীভাবে যে কি হয়ে গেল বুঝতে পারছি না।
এ বিষয়ে জকিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) অরূপ সাগর গুপ্ত কমলের সাথে যোগাযোগ করলে জানান, আমরা সর্বেচ্চ চেষ্টা করছি ছেলেটিকে খুঁজে পেতে। কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি।




