নগরে ৩২ ঘন্টায় পুলিশের অভিযানে আটক ৫৩
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ৯:৫৩:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারী রয়েছেন। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য জব্দ করা হয়।
এর আগের ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছিল।
এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার আসামী ৮ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামী ও ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় ৬৪৭ বোতল বিদেশি মদ, ১০ পিস ইয়াবা, ২ লাখ ১৪ হাজার ৫০ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস, ১৫০ কেজি ভারতীয় জিরা ও ১০ হাজার ৪৪০ পিস ভারতীয় চশমা উদ্ধার করা হয়। এছাড়া এসময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জন মাদকসেবী, ৬ জন সন্দেহভাজন ব্যক্তি ও ৬ জন হকার রয়েছে।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।





