কুমিল্লায় ২ সাংবাদিককে হাতকড়া পরানো এসি-ল্যান্ডকে সিলেটে বদলী
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ৯:৫৫:৫৬ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসে ২ সাংবাদিকের হাতে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনায় প্রত্যাহার হওয়া এসিল্যান্ড ফয়সাল আল নুরকে পদোন্নতি দিয়ে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টায় রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে পদায়ন অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের বিষয়টি অবগত করতে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
এ নিয়ে সিলেটে সমালোচনার ঝড় উঠছে। সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় প্রত্যাহার হওয়া এসি ল্যান্ডকে পদোন্নতি দিয়ে সিলেটে প্রেরণকে মেনে নিতে পারছেন না সিলেটের সাংবাদিক সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সামাজিকে যোগাযোগ মাধ্যমে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
এর আগে বুধবার (১ এপ্রিল) দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে মোবাইলফোনে ভিডিও করা নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। পরে সাংবাদিকের হাতে হাতকড়া পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেন কুমিল্লার কর্মরত সাংবাদিকরাও। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন দৈনিক মানবজমিন পত্রিকার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল ও দৈনিক আমার শহর পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলীম।
জানা যায়, ফেস দ্য পিপল ও দৈনিক আমার শহর পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলীমের খালাতো বোনের নামজারি সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চাইলে এসি ল্যান্ড ফয়সাল আল নুর অকথ্য ভাষায় কথা বলেন। এ ঘটনা মোবাইল ফোনে ধারণ করতে চাইলে এসি ল্যান্ড ক্ষিপ্ত হয়ে পড়েন। পরে পুলিশ ডেকে সাংবাদিক রাসেল সরকার ও আব্দুল আলীমকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়। সেখানে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং ভিডিও মুছে ফেলা হয়। পরে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, এসি ল্যান্ডকে চাকরি থেকে অব্যাহতি দিলে আমরা খুশি হতাম। এখন তো উল্টো ওনাকে প্রমোশন করা হয়েছে। তবু ভূমি অফিস থেকে তাকে প্রত্যাহার করাতে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, ঘটনার ব্যাপারে উপরস্থ কর্মকর্তারা অবগত হয় এবং ফয়সাল আল নুরকে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এসএমইউজে’র সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ বলেন, সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় প্রত্যাহার হওয়া এসিল্যান্ডকে পদোন্নতি দিয়ে সিলেটে বদলীর ঘটনায় সিলেটের সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। বিতর্কিত ঐ কর্মকর্তার পদোন্নতি বাতিল করে সাংবাদিক লাঞ্চনার ঘটনার তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি।





