সিলেট ছেড়ে গেল একদিনের বিশেষ ট্রেন ‘ব্যালেন্স এক্সপ্রেস’
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ৯:৫৯:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার পর সৃষ্ট সিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়া যাত্রীদের স্বস্তি দিতে একদিনের জন্য সিলেট থেকে ঢাকাগামী একটি বিশেষ ট্রেন চালু করে রেলওয়ে কতৃপক্ষ। ‘ব্যালেন্স এক্সপ্রেস’ নামে ট্রেনটি একদিনের জন্য চালু করা হলেও যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রাতের দুর্ঘটনার কারণে সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা উপবন এক্সপ্রেসের যাত্রা বাতিল হয়। এছাড়া শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় কালনী এক্সপ্রেসও চলাচল করেনি। এতে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সকাল সাড়ে আটটায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
বিশেষ ট্রেনটি কুলাউড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল এবং ঢাকার বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করে কমলাপুরে পৌঁছাবে। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টা ১০ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছেছে। ১৩ বগির সঙ্গে একটি অতিরিক্ত বগি যুক্ত করে মোট ১৪ বগির এই ট্রেনটি পরিচালনা করা হয়।
স্টেশনে দেখা যায়, হঠাৎ বিশেষ ট্রেন চালুর ঘোষণায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই পরিবার-পরিজনসহ যাত্রা করছেন। তাৎক্ষণিকভাবে টিকিট পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। সাধারণত কয়েক দিন আগে থেকে টিকিট পাওয়া না গেলেও এই বিশেষ ট্রেনের টিকিট যাত্রার আগ মুহূর্ত পর্যন্ত পাওয়া গেছে।
তবে যাত্রীরা বলছেন, একদিনের জন্য বিশেষ ট্রেন চালু করলেই সমাধান হয় না। সিলেট-ঢাকা মহাসড়কে চলমান উন্নয়নকাজের কারণে সড়কপথে যাতায়াতে সময় বেশি লাগে এবং ভোগান্তি বাড়ে। তাই তারা এই রুটে নিয়মিত আরও বেশি ট্রেন চালুর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, যেহেতু বুধবার একটি দুর্ঘটনা হয়েছিল সেজন্য আমাদের ট্রেন সিলেট-ঢাকা রুটে শিডিউল বাতিল করতে হয়েছে। সেজন্য শুক্রবারের জন্য একটি স্পেশাল ট্রেন চালু করা হয়। যেটি শুধুমাত্র একদিনের জন্য চলাচল করে। স্থায়ী সমাধানের ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারেন।
শুক্রবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, একদিনের জন্য চালু হওয়া বিশেষ ট্রেনটি যথা সময়ে ঢাকা পৌঁছেছে। ট্রেনের সকল সিট পরিপূর্ণ ছিল।





