জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জসহ অন্যান্য হাওরের জেলার কৃষকদের বাঁচাতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন করতে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হেলিকপ্টারে হাওর ঘুরে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। তিনি চিঠিতে লিখেন, ‘আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কি না! তথাপি বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি। আমরা হাওরপাড়ের মানুষ। একটিমাত্র ফসলই আমাদের জীবন। সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই সাধ্যমত চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আপনার সময় অনেক মূল্যবান । অনেক ব্যস্ত আপনি। অনেক কাজ আপনার হাতে। তবুও আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ আশেপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ দরকার।’
তিনি অনুরোধ করে সুপারিশ করেন, প্রধানমন্ত্রী কষ্ট করে হেলিকপ্টারে একবার ঘুরে আসতে পারেন। দরকার মনে করলে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগাতে পারেন। নিশ্চয়ই আপনার প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।
পরিশেষে বলেন, আপনার শাসনামলে খাল খনন কর্মসূচী শুরু করেছেন। আপনার বাবাও এই কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। আমাদের এলাকায় (দিরাই-শাল্লা) বেশি করে খাল খনন করা দরকার। অপরিকল্পিত বাঁধ অনেক ক্ষতি করছে। আমি আশা করি আপনি পারবেন ইনশাআল্লাহ।




