ক্বীনব্রিজের নিচ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ৮:৫৩:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কিনবিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর কিনব্রিজের দক্ষিণ পাশের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঐ ব্যক্তিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। এখনো মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।





