ফেঞ্চুগঞ্জে শাহজালাল সারকারখানায় উৎপাদন বন্ধ
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ৯:২৯:২৮ অপরাহ্ন

হাসান চৌধুরী ফেঞ্চুগঞ্জ থেকে: যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকটের সৃষ্ট আশঙ্কায় দেশের সারকারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানির রেশনিং বা নিয়ন্ত্রিত বন্টন পদ্ধতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় দেশের বৃহত্তম সার উৎপাদনকারী প্রতিষ্ঠান-শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) আগামী ৩ মাস (এপ্রিল-জুন) রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।
সেই সিদ্ধান্তের আলোকে ৩ এপ্রিল ফেঞ্চুগঞ্জের শাহাজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড একমাসের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। এপ্রিল মাসে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে গ্যাস সরবরাহ চালু রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও পেট্রোবাংলাকে নিদের্শ প্রদান করা হয়।
জরুরি সভায় গৃহীত সিন্ধান্তের আলোকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ ও অনিশ্চিয়তা বিবেচনায় দেশের সার উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে গ্যাস সরবরাহ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় সার কারখানাসমূহে গ্যাস সরবরাহের অগ্রাধিকার নির্ধারণ,ধাপে ধাপে গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ এবং উৎপাদন সক্ষমতা বজায় রাখা ও কৃষি খাতে সার সরবরাহ নিশ্চিতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চেয়ারম্যান কৃষিতে ইউরিয়া সারের অপরিহার্যতা উল্লেখ করে অবিলম্বে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি, কাফকো এবং শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে গ্যাস সরবরাহের অনুরোধ জানালে অনুষ্ঠানের সভাপতি তার কথায় একমত পোষন করে এপ্রিল মাসে বিদ্যুৎ খাতে ৯৩৫ এমএমসিএফডি, অন্যান্য খাতে ১৬২৭ এমএমসিএফডি গ্যাস বরাদ্দ করে সার খাতে ৮০ এমএমসিএফডি গ্যাস সরবরাহের নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া মে-জুন ২০২৬ মাসে সার খাতে ১৭০ এমএমসিএফডি গ্যাস সরবাহের সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে মে ও জুন ২০২৬ মাসে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি, সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং চট্রগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকোতে) গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে জানানো হয়। জরুরি ওই সভায় বিসিআইসি ও পেট্রোবাংলা চেয়ারম্যানসহ বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জি এম এডমিন সাজ্জাদুর রহমান জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে শাহজালাল সারকারখানার উৎপাদন গত ৩ এপ্রিল দুপুরে বন্ধ করে দেয়া হয়েছে।





