বাহুবলে মিড ডে মিলে চরম অনিয়ম
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ৯:৪০:২৯ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে চালু হওয়া মিড ডে মিল কর্মসূচিতে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে হবিগঞ্জের বাহুবল উপজেলায়। নির্ধারিত দিনে ডিম ও রুটি সরবরাহের কথা থাকলেও উপজেলার অর্ধেকের বেশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো কিছুই পায়নি।
জানা গেছে, শনিবার বাহুবল উপজেলার ১০৪টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সিদ্ধ ডিম ও রুটি বিতরণের কথা ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে, প্রধান সড়কের পাশের কয়েকটি বিদ্যালয়ে শুধুমাত্র ডিম দিয়ে দায়সারা কাজ করেছে সংশ্লিষ্ট ঠিকাদার। অধিকাংশ বিদ্যালয়ে রুটি তো দেওয়া হয়নি, এমনকি অনেক শিক্ষার্থী ডিমও পায়নি। মিডডে মিল কর্মসূচীতে দুধ ও বিস্কুট দেয়ার কথা থাকলেও সেই বিস্কুট দুধ পায়নি সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রুটি চোঁখে দেখেনি উপজেলার কোন শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, সপ্তাহে একদিনের এই মিড ডে মিল কর্মসূচিতে অনেক সময় বিস্কুট দিয়ে দায়িত্ব শেষ করা হয়, যা শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণে একেবারেই অপ্রতুল।
এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। তাদের দাবি, সরকারের ভালো উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়নের সময় ঠিকাদারি অনিয়ম ও দুর্বল তদারকির কারণে ভেস্তে যাচ্ছে।
লাকুড়ীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্বল মিয়া বলেন, দুই মাস আগে পেয়েছে শুধু বিস্কুট, এ ছাড়া তাদের ভাগ্যে কিছু জুটেনি।
বড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেন, আজকে শুধু একটি ডিম দিয়েছে। তাও ভাঙ্গা নষ্ট ডিম।
গোলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেন, তাদের শিক্ষার্থীদের ভাগ্য নেই মিডডে মিলের কিছুই। তাদের নামে বরাদ্ধ থাকলে তারা কিছু পায়নি।
এ বিষয়ে বাহুবল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “আমি বর্তমানে সিলেটে আছি। ডিম-রুটি পাওয়ার কথা, কেন পায়নি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্বল রায় বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”




