ওসমানীনগরে ইউনিয়ন প্রশাসক নিয়োগ নিয়ে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ৭:০৬:৩৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে তাজপুর ইউনিয়নে প্রশাসক নিয়োগ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রোববার সকালে নবনিযুক্ত প্রশাসক (উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) দায়িত্ব গ্রহণ করতে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ এর পক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পরিষদে এসে জড়ো হন। এসময় কবির আহমদকে বাদ দেওয়ার এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠিন কর্মসূচীর ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারী প্রদান করেন বিএনপি নেতাকর্মীরা।
তারা অভিযোগ করেন, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ওসমানীনগর উপজেলায় নির্বাচনী সিসি (ক্যামেরা) প্রকল্পে উপজেলা প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার বহিঃপ্রকাশ হিসেবেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে।
জানা যায়, গত ৩ এপ্রিল জেলা প্রশাসক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদকে অপসারণ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন। এর আগে গত ২ মার্চ ইউএনও মুনমুন নাহার আশা স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগের সুপারিশ পাঠান। রোববার সকালে নবনিযুক্ত প্রশাসক যোগদান করতে গেলে এর প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম শফিক, তাজপুর ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝুনো মিয়া ও শ্রমিক নেতা তখলিছ মিয়া।
ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ বলেন, হাইকোর্টে একটি রিট মামলা আপিল বিভাগে চলমান রয়েছে। আমি দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় মামলাটি নিস্পত্তির আগেই সরকারি ছুটির দিনে অর্ডার করে ইউনিয়নে প্রশাসক বসানো হয়েছে। নবনিযুক্ত প্রশাসক মো. সাইফুল ইসলাম তালুকদার বলেন, আমাকে উধ্বর্তন কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছেন, তাই দায়িত্ব গ্রহণ করেছি। হাইকোর্টের মামলার কোন কাগজপত্র হাতে এসেছে কিনা জানতে চাইলে তিনি উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলেন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সরকারি মোবাইলে কল দিলে তিনি কল কেটে দেন।





