মৌলভীবাজারে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৬, ৬:৫২:০৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: ‘ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা’, ও ‘গড়বো ক্রীড়ায় সেতু, বন্ধন করবো বাধা দূরীকরণ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালী আদালত সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তৌহিদুজ্জামান পাভেল।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন শীর্ষক বিষয়ে আলোচনায় ক্রীড়ার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়াও, একই দিন সকালে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন। সভায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।





