কেমুসাসের মতো প্রতিষ্ঠান সচরাচর দেখা যায় না: অনিরুদ্ধ দাস
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৬, ৬:৫৩:৪৭ অপরাহ্ন
সিলেটস্থ ভারতীয় হাইকমিশনের এসিসট্যান্ট হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মতো প্রতিষ্ঠান সচরাচর দেখা যায় না। এ প্রতিষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে।
তিনি রোববার দেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পরিদর্শনকালে সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত মতিবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।
এসিসট্যান্ট হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেন, সাহিত্য সংসদ এই অঞ্চলে সাহিত্য চর্চা বাড়ানো, কম পরিচিত লেখকদের তুলে ধরাসহ প্রত্নসামগ্রী সংগ্রহ করাকে গুরুত্ব দিয়েছে। আমাদের দেশেও ভাষা ও সংস্কৃতির বৈচিত্রকে গুরুত্ব দেয়া হয়। আমি নাগরী লিপির কথা জানতাম, সাহিত্য সংসদে এসে নাগরী বর্ণমালার ব্যবহারও দেখতে পেরেছি।
সভাপতির বক্তব্যে সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেন, আমরা দুটো দেশ, কিন্তু মানুষ সবাই সমান। আমরা চাই মানুষে মানুষে ভালোবাসা-সম্প্রীতি গড়ে উঠুক।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটস্থ এসিসট্যান্ট হাই কমিশন অব ইন্ডিয়া’র সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, সাহিত্য সংসদের সহসভাপতি আফতাব চৌধুরী, সৈয়দ মুহিবুর রহমান, সহসাধারণ সম্পাদক আব্দুল মুকিত অপি এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কোষাধ্যক্ষ মো. জাহেদুর রহমান চৌধুরী, লাইব্রেরি সম্পাদক নাজমুল আনসারী, সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলম, কার্যকরী পরিষদ সদস্য সালেহ আহমদ খসরু, এডভোকেট কামাল তৈয়ব, ডা. মো. ফয়জুল হক, সৈয়দ মোহাম্মদ তাহের, কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, দৈনিক পূণ্যভূমি সম্পাদক আবু তালেব মুরাদ, মাসিক বিশ্ববাংলা সম্পাদক মুহিত চৌধুরী, জাসাস সিলেট জেলা শাখার সদস্যসচিব মো. রায়হান এইচ খান, গবেষক ড. মো. তুতিউর রহমান, সাংবাদিক মাসরুর রাসেল, জীবন সদস্য রেজাউল করিম প্রমুখ।
এসিসট্যান্ট হাই কমিশনার অনিরুদ্ধ দাস কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘর পরিদর্শনে গেলে তাকে জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার স্বাগত জানান। এসিসট্যান্ট হাই কমিশনার সাহিত্য সংসদের লাইব্রেরিও পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি





