দোয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে আবেদন
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৬, ৬:৫৬:২৯ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন দায়ের করেছেন স্থানীয় এক বাসিন্দা।
৩১ মার্চ দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ এর নিকট এই আবদেন দেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমেরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে আব্দুর রউফ।
এতে বলা হয়, সোনালী চেলা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত চাইরগাঁও বাজার-ফকিরটিলা সড়কের রহিমেরপাড়া এলাকায় চেলা নদীর পাড়ের সরকারি খাস জমি থেকে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করে আসছে। পাড় কেটে বালু উত্তোলন করার কারণে এলাকার চিত্র দিন দিন ছোট হয়ে আসছে। এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তা, আশপাশের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ নদীতে বিলীন হওয়ার পথে। তাই উক্ত স্থান হতে বালু উত্তোলন বন্ধ করা অতি জরুরী এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান, অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





