পণ্যবাহী ট্রাক ছিনতাই চেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৬, ৮:৫৯:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মহানগর যুবদল নেতা মনিজুল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মনিজুল সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় চোরাচালান সংক্রান্ত একটি মামলায় (জিআর-১৪৫) গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে আম্বরখানা থেকে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ঐ আসামীকে আটক করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে একটি ট্রাক নগরীর চৌকিদেখি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল ট্রাকটি আটকাতে ব্যারিকেড দেয়। এ সময় চোরাকারবারীরা পুলিশের ব্যারিকেড তোয়াক্কা না করে ট্রাক নিয়ে মজুমদারি এলাকার একটি গলিতে ঢুকে পড়ে এবং ট্রাকটি রেখে পালিয়ে যায়।
অভিযোগ রয়েছে, ওই সময় মনিজুল আহমদ তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান এবং জব্দকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাকটি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করেন। পুলিশের কড়া অবস্থানের কারণে শেষ পর্যন্ত তারা ট্রাকটি ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মনজুরুল আলম বলেন, আইনশৃঙ্খলার অবনতি রোধে এবং অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী মনিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




