এসএমপির সাঁড়াশি অভিযানে ৩২ ঘন্টায় আটক আরো ১১৮
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৬, ৮:৫৮:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মহানগর এলাকায় পুলিশের সাড়াশি অভিযানেও চুরি-ছিনতাই ও অপকর্ম থেমে নেই। তবুও নগর এলাকায় অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারী রয়েছেন।
এর আগের ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছিল।
এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে নিয়মিত মামলার আসামী ও সন্দেহভাজন ১২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন ও মাদক ব্যবসায়ী ৬ জন রয়েছেন। এসময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ৫৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া এসময় পুলিশ ৫৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, রোববার দিবাগত রাত ১২টার পর থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও পৃথক অভিযানে আরো ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১ জন নিয়মিত মামলার আসামি, ১ জন ওয়ারেন্টভুক্ত, ১৩ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ২ জন চিহ্নিত ছিনতাইকারী, ২০ জন সন্দেহভাজন আসামী ও ৮ জন হকার রয়েছেন। এসময় ৫ পিস ইয়াবা, ৫ পুড়িয়া ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।





