পাল্টাপাল্টি হামলার মাঝেও যুদ্ধবিরতির দৌড়ঝাঁপ
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ২:৫৯:১৮ অপরাহ্ন
ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধান নিহত
শান্তি প্রস্তাব নিয়ে ‘রাতভর’ যোগাযোগ পাকিস্তানের
জালালাবাদ রিপোর্ট : তেহরানের বিভিন্ন এলাকায় সোমবার ভোর থেকে ইসরায়েল ও আমেরিকা ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এর একটি গ্যাস স্টেশনও ছিল। এসব হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধান নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানও পাল্টা হামলা জোরদার করেছে। সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।
পাল্টাপাল্টি হামলার মাঝে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির রাতভর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যুদ্ধবিরতির জন্য যোগাযোগ চালিয়ে গেছেন।
ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধান নিহত :
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন। তাঁকে হত্যার দায় নিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই হত্যার দায় স্বীকার করা হয়।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইডিএফ বলেছে, এই হত্যাকাণ্ড ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরও একটি বড় ধাক্কা।
অবশ্য ইসরায়েলের আগেই ইরানের পক্ষ থেকে খাদেমির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, সোমবার সকালে তিনি নিহত হয়েছেন। তাঁকে হত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে আইআরজিসি।
২০২৫ সালের ১৫ জুন ইসরায়েলি হামলায় আইআরজিসির তৎকালীন গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি নিহত হন। এর চার দিন পর তাঁর স্থলাভিষিক্ত হন খাদেমি। এখন তাঁকেও হত্যা করল ইসরায়েল।
ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি :
ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত ২৮টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই হামলায় এক ব্যক্তি মাঝারি মাত্রায় আহত হয়েছেন।
ইসরায়েলের জরুরী সেবাবিভাগের তথ্যমতে, ইরান ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা ব্যবহার করায় ইসরায়েলের অন্তত ২৮ স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। চিকিৎসাকর্মীরা জানান, রামাত গান, বনে ব্রাক এবং গিভাতায়িমে হামলার ঘটনা ঘটেছে। ইরানের এই হামলায় চল্লিশের কোঠায় থাকা এক ব্যক্তি মাঝারি মাত্রার আহত হয়েছেন।
আরো বিধ্বংসী’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের :
ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও অনেক বেশি বিধ্বংসী’ পাল্টা জবাব দেওয়া হবে বলে সোমবার সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পুনরাবৃত্তি হলে আমাদের আক্রমণাত্মক ও প্রতিশোধমূলক অভিযানের পরবর্তী ধাপগুলো হবে আরও অনেক বেশি বিধ্বংসী ও বিস্তৃত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। হরমুজ প্রণালি খুলে দিতে একটি চুক্তিতে আসতে তেহরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে তিনি এই হুমকি দেন। এখন পাল্টা হুমকি দিল ইরান।
শান্তি প্রস্তাব নিয়ে ‘রাতভর’ যোগাযোগ পাকিস্তানের সেনাপ্রধানের :
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানসহ অবিলম্বে যুদ্ধবিরতির একটি প্রস্তাব সোমবার সামনে এসেছে। প্রস্তাবটিকে আপাতত ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ বলা হচ্ছে।
সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংঘাতের সমাপ্তি টানার লক্ষ্যে একটি শান্তি প্রস্তাবের রূপরেখা পাকিস্তান সাজিয়ে তা গত রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময় করেছে।
প্রস্তাবটি সম্পর্কে অবগত একটি সূত্র সোমবার রয়টার্সকে জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির রাতভর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যোগাযোগ চালিয়ে গেছেন।
অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবটিতে কী আছে :
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানসহ অবিলম্বে যুদ্ধবিরতির যে প্রস্তাব ইরান ও যুক্তরাষ্ট্র হাতে পেয়েছে, তাতে কী রয়েছে, তা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স প্রস্তাবটির কিছু বিষয় উল্লেখ করেছে। এগুলো হলো-
চুক্তির প্রস্তাবটিকে আপাতত ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ বলা হচ্ছে। চুক্তির প্রস্তাবটি দুই ধাপের। প্রথমে যুদ্ধবিরতি, এরপর চূড়ান্ত চুক্তি।
যুদ্ধবিরতি হলে সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি খুলে যেতে পারে। ১৫-২০ দিনের মধ্যে হবে চূড়ান্ত চুক্তি।
চূড়ান্ত চুক্তিতে থাকবে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা শিথিল। প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পায়নি রয়টার্স। পাকিস্তান কোনো মন্তব্য করতে চায়নি।
সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, পাকিস্তান এই প্রস্তাবের রূপরেখা ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে।





